ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৩৯:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী নিরাপত্তা জোট গড়ে যৌন নির্যাতন রুখতে হবে মতবিনিময় সভায় বক্তারা

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৫ সোমবার | আপডেট: ০১:৩৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৫ সোমবার

1430073837স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বর্ষবরণ উত্সবে নারীর উপর যৌন নির্যাতনের প্রতিবাদ অব্যাহত রেখেছেন নারী আন্দোলনের কর্মীরা। নারী আন্দোলন কর্মীদের পক্ষ থেকে অ্যাডভোকেট সুলতানা কামাল নারী নিরাপত্তা জোট গঠন করে এ ধরনের যৌন নির্যাতন রুখে দেয়ার আহবান করেছেন। তিনি বলেছেন, যৌন নির্যাতনকে কোনভাবেই আর সহ্য করা হবে না। আর একা কারো পক্ষে এই আন্দোলন সফল করাও সম্ভব নয়। তাই সম্মিলিতভাবেই নারী নিরাপত্তা জোটকে ঘরে বাইরে ২৪ ঘণ্টা তত্পর থাকতে হবে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। বেসরকারি উন্নয়ন সংস্থা ’উই ক্যান’এর উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা মতবিনিময় সভা ডাকেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য হাজেরা সুলতানা,নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশি কবীর নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন, সাহিত্যিক নূরজাহান বোস,সামাজিক প্রতিরোধ কমিটির জিয়া উদ্দিন তারেক আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন,ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াজেদ ইসলাম খান, জাতীয় মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট রাশিদা বেগম,মানবাধিকার কর্মী নাহিদ সুলতানা, ফৌজিয়া খন্দকার ইভা,সাংবাদিক সুপ্রীতি ধর ও ছাত্র ইউনিয়নের লিটন অধীকারিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। সুলতানা কামাল বলেন,বই মেলা,বর্ষবরণসহ আজ প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। তাই আমাদের শুধু আন্দোলন করলে হবে না। লক্ষ্য ঠিক রেখে আন্দোলন করতে হবে এবং আন্দোলনকে জিইয়ে রাখতে হবে। তিনি দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ কেন দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না তাও জানতে চান। মতবিনিময় সভায় আন্দোলন চালিয়ে নিতে এবং তা সফল করতে নারী নিরাপত্তা জোট ঘরে বাইরে ২৪ ঘন্টার একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।সুলতানা কামালের নেতৃত্বে খুশি কবীর, রোকেয়া কবীর, তাসমিমা হোসেনসহ অনেকই এই কমিটিতে থাকবেন বলে ততক্ষণাত জানানো হয়। পরে এর সাংগঠনিক রূপও প্রকাশ করা হবে বলে জানানো হয়। ২৭.০৪.২০১৫