ভোটের মাধ্যমে ঢাকাবাসী জবাব দেবে : আফরোজা আব্বাস
প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৭ এপ্রিল ২০১৫ সোমবার | আপডেট: ০১:৪২ পিএম, ২৭ এপ্রিল ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন,আমি গণসংযোগে মানুষের খুব কাছে গিয়ে তাদের ভেতরের আকুতি দেখতে পেয়েছি। নগরবাসী দুঃসময় থেকে পরিত্রাণ চায়। নিরাশার বলয় থেকে বেরিয়ে আসতে চায়। সুন্দর,সম্ভাবনাময়,বিশ্বায়নের উপযোগী ঢাকা গড়তে নগরবাসী মির্জা আব্বাসকেই মেয়র পদে ভোট দিয়ে বিজয়ী করতে চায়। গতকাল এক সাক্ষাত্কারে আফরোজা আব্বাস বলেন,২৮ এপ্রিল নির্বাচনে ভোটের মাধ্যমে ঢাকাবাসী সরকারকে জবাব দেবে। ভোট চাওয়া মির্জা আব্বাসের অধিকার, এই অধিকার সরকার দেয়নি। আমাদের বিএনপির কাউন্সিলর প্রার্থী যারা আছেন তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। খালেদা জিয়া প্রচারে নেমেছিলেন,তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। প্রার্থীদের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। কিন্তু জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা ভয় পাই না। আফরোজা বলেন,আমরা সেনাবাহিনী দিতে বলেছিলাম। কিন্তু দেয়া হয়নি। সেনাবাহিনী দিলে জনগণ নিরাপদে ভোট দিতে পারতো। নির্বাচনের যে পরিবেশ চলছে তাতে সেনাবাহিনী মোতায়েন করা না হলে ভোটের দিন প্রথম প্রহরেই সরকারি দলের ক্যাডাররা ভোটবাক্স ছিনতাই করে নিয়ে যাবে। নির্বাচনকে প্রভাবিত করতে সরকার সেনাবাহিনী মোতায়েন করতে চাচ্ছে না। তিনি বলেন,আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী এবং মিডিয়ার নিরপেক্ষ ভূমিকা চাই। কোনো পক্ষপাতিত্ব চাই না। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে, গণমাধ্যম এবং জনগণ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে তাহলে ফলাফল যাই হোক আমরা মেনে নেবো। তিনি বলেন, নির্বাচন কমিশন সেনা মোতায়েন ও কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি না বসালে মনে করব তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন একটি নির্বাচন করতে চায়।
২৭.০৪.২০১৫ 