ঈদে রোহিঙ্গাদের জন্য বিশেষ উপহার প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:১১ এএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:৩৫ পিএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প
কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করা রোহিঙ্গাদের জন্য কোরবানির ঈদে ১০ হাজার পশু উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মধ্যে থাকছে নয় হাজার গরু এবং বাকী এক হাজার ছাগল। এসব মাংস বিতরণ করা হবে বাংলাদেশে আশ্রয় নেওয়া এক লক্ষ ৯৫ হাজার পরিবারের মধ্যে।
সমগ্র প্রক্রিয়া সুস্থ এবং স্বাভাবিক উপায়ে সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যার শীর্ষে রয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল। প্রতিটি পরিবারকে কমপক্ষে পাঁচ কেজি করে মাংস দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মায়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গারা কক্সবাজারে নানা রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। ওই এলাকার টেকনাফ এবং উখিয়া এলাকায় ৩০টি আশ্রয় শিবিরে রয়েছে ১১ লক্ষেরও বেশি রোহিঙ্গা। তাদের জন্যই এই ১০ হাজার পশু কেনা হচ্ছে বলে জানিয়েছেন জেলঅ প্রশাসক। প্রতিটি রোহিঙ্গা শিবিরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠন করা হয়েছে পৃথক কমিটি।
এই প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক লক্ষ ৯৫ হাজার পরিবারের ১১ লাখের বেশি রোহিঙ্গাদের জন্য ১০ হাজার পশু কেনা হচ্ছে। এর মধ্যে ৯০ শতাংশ গরু। রোহিঙ্গারা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় তাই এই উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি আরও জানান, রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের জন্যও কেনা হবে ৬০০ থেকে ৭০০টি পশু।
