ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১:০৪:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কেরালার বন্যার্তদের ছোট্ট পাখির দান

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:০২ এএম, ২৩ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:২৪ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার

কোলকাতার অপরাজিতা সাহা, বাড়িতে সবার আদরের পাখি৷ বয়স মাত্র ৪৷ তাতে কী? ওইটুকু খুদেরও বুঝে নিতে অসুবিধে হল না, তার রাজ্য থেকে ২,২৬৩ কিমি দূরের ‘ভগবানের দেশ’ ভাসছে৷ বন্যা বিপর্যস্ত কেরালার জন্য তাই স্বপ্নের পিগি বক্সটাই উজাড় করে দিল পাখি৷ সিপিএমের রাজ্য দফতরে গিয়ে বিমান বসুর হাতে রঙিন পিডি বক্স তুলে দিল সে৷

বক্স খুলতে অবাক বিমান বসু৷ ১৪,৮০০ টাকা জমিয়েছে ৪ বছরের ওইটুকু খুদে৷ যাদবপুরের নিবাসী পাখি বাবার হাত ধরেই আলিমুদ্দিন স্ট্রিটে আসে৷ উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুসহ অনেকে৷ কেন গোটা বক্সটাই দিয়ে দিতে চাইছে পাখি? উত্তরে সে জানায়, টিভিতে রোজই কেরালার বন্যার খবর সম্প্রচারিত হচ্ছে৷ তা দেখেই পিগি বক্স দেওয়ার সিদ্ধান্ত নেয় পাখি৷

ভাবা মাত্রই কাজ৷ তাই সোজা বিমান বসুর হাতেই বক্স তুলে দিল সে৷ বেশ কয়েকমাস ধরে পিডি বক্সে টাকা জমাচ্ছিল পাখি৷ নাচে-গানে বরাবরই ভালো সে, তাই নাচের দিদিমুনি পাখিকে পরামর্শ দেন ইলেকট্রিক তবলা ও ডিভিডি কিনতে৷ সেই কারণেই পাখি তার আত্মীয়দের অনুরোধ করে জন্মদিনে উপহারের বদলে প্রত্যেকে যেন টাকা দেয়৷ কথা মতই প্রচুর টাকা পায় সে৷ গুনে দেখা যায় ১৫ হাজারের চেয়ে কিছু কম৷

পুরো টাকাটাই বন্যা দুর্গতদের উৎসর্গ করে পাখি৷ ৪ বছরের শিশুর এই উদ্যোগে হতবাক বিমান, সূর্যকান্তরা৷ সব টাকা যখন শেষ, তখন ইলেকট্রিক তবলার কী হবে? পাখির উত্তর- ‘আগে ওরা বাঁচুক, তবলা পরে হবে৷’ সহজ এই উত্তর শিশু মনের স্বাভাবিক শৈশব বলে মনে করছেন পাখির বাবা৷

তিনি জানান, পাখিরা আছে বলেই হয়ত বিপর্যয়কে জয় করা যাচ্ছে, পরবর্তীকালেও যাবে৷