অজ্ঞাত রোগে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০৯:০০ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার
চট্টগ্রামের ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের ৩ জনসহ ৪ শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২২ শিশু। রোগ তদন্ত ও রোগের কারণ অনুসন্ধানে ৪টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছেন জেলা সিভিল সার্জন।
আজ সোমবার ঢাকা থেকে আইইডিসিআরবি`র বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবেন। তারা রোগ নির্ণয় করতে আক্রান্ত শিশুদের রক্তের নমুনা ঢাকায় নিয়ে যাবেন।
স্বজনরা জানান, গত ১০ দিন আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ত্রিপুরা পাড়ায় কয়েকটি শিশুর জ্বর, সর্দি, পাতলা পায়খানা ও শরীরের বিভিন্ন স্থানে গুটি উঠে। এতে গত ৬ দিনে একই পরিবারের ৩ জনসহ ৪ শিশুর মৃত্যু হয়। একে একে অসুস্থ হয়ে পড়ে আদিবাসী এ পাড়ার আরো ২২ শিশু। পরে তাদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে জেলা সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি অসুস্থ শিশুদের খোঁজখবর নেন। সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, এখানে সব কিন্তু ঠিক আছে। শিশুদের স্পেশাল কেয়ার নেয়া হচ্ছে। খাবারের ব্যবস্থা থেকে ওষুধের ব্যবস্থা সব নেয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর রোগের কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন বলেন, দেখে মনে হচ্ছে ভাইরাস জ্বর। তবে ভাইরাস তো অনেকগুলো হয়, কিন্তু কোন ভাইরাস তা এখনই বলা যাচ্ছে না। পরীক্ষা করে জানা যাবে কি ভাইরাস। তবে অসুস্থ রোগীদের হাসপাতালে চিকিৎসা চলছে।
তিনি জানান, আজ সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ত্রিপুরা পল্লীর প্রতিটি ঘরে গিয়ে তাদের সেবা চিকিৎসা দিবেন।
