ত্রিপুরা পল্লীর শিশুরা হামে আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার | আপডেট: ০১:০৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সোনাই-ত্রিপুরা পাড়ায় একই পরিবারের তিনজনসহ চার শিশু হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আক্রান্ত ছয় শিশু থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে চারজনের দেহে হাম ভাইরাসের প্রমাণ মেলে। রোববার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর পর আজ সোমবার এ প্রতিবেদন দেয় স্বাস্থ্য অধিদফতর।
এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, হাটহাজারীর সোনাই-ত্রিপুরা পাড়ায় চার শিশু অজ্ঞাত ভাইরাসজনিত হাম রোগে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রতিবেদনে আমরা এটি নিশ্চিত হয়েছি। আমরা ছয়জনের নমুনা সংগ্রহ করি। চারজনের মধ্যে এ ভাইরাস পাওয়া যায়। ত্রিপুরা পল্লীতে প্রাথমিকভাবে ৭০ জনের মতো শিশু শনাক্ত করা হয়েছে যাদের হামের ভ্যাকসিন দেওয়া হবে।
রোববার সকালে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২ নম্বর পশ্চিম উদালিয়া ওয়ার্ডের সোনাইরকূল ত্রিপুরাপল্লীতে শিশুদের রোগাক্রান্ত হবার কথা জানতে পারে প্রশাসন। যাদের শরীরে জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট এবং র্যাশের চিহ্ন রয়েছে।
এছাড়া তারা পুষ্টিহীনতায় ভুগছে বলে জানায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। গত ছয় দিনে ত্রিপুরাপল্লীতে একই পরিবারের তিন জনসহ চার শিশুর মৃত্যু হয়েছে বলে প্রশাসনের ভাষ্য।
এ ঘটনার পর রোববার হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই এলাকার অসুস্থ ২২ শিশু ভর্তি হয়।সোমবার সন্ধ্যা পর্যন্ত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ এবং ফৌজদারহাটের বিআইটিআইডিতে তিনজন ভর্তি আছে।
সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী জানান, চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। সোমবার নতুন করে কোনো রোগী ভর্তি হয়নি।
সোমবার ঢাকার আইইডিসিআরের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে অসুস্থ শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেছে বলে সিভিল সার্জন জানান।
