বাংলাবান্ধা হয়ে রিলিফ যাবে নেপাল : প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১২:০৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১২:০৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ট্রাকে করে বাংলাবান্ধা সীমান্ত বন্দর হয়ে নেপালে ত্রাণ সামগ্রী যাবে বলে।
বৃহস্পতিবার (এপ্রিল ৩০) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভোকেশনাল শিক্ষা বিষয়ক একটি আর্ন্তজাতিক সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা জানান।
টেকসই উন্নয়নে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) শীর্ষক তিনদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ম্যানিলা-ভিত্তিক কলম্বো প্লান স্টাফ কলেজ এবং ইনসটিটিউশন অব ডিপ্লোমা ইনিঞ্জনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) এ আর্ন্তজাতিক সম্মেলনের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘ইতিমধ্যে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য কিছু ত্রাণ পাঠিয়েছি। তবে আরো পাঠানো দরকার। সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া আর্ন্তজাতিক পর্যায়ে যত রিলিপ আসবে আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি,আমাদের এয়ারপোর্টগুলোকে প্রস্তুত রাখতে। সৈয়দপুর এয়ারপোর্টকেও আমি প্রস্তুত রাখতে বলেছি। লালমনিরহাটে একটা এয়ারস্ট্রিপ আছে সেটাকেও আমি প্রস্তুত রাখতে বলেছি।’
স্থলপথে নেপালে ত্রাণ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন,‘প্রয়োজনে যত রিলিপ বা যা লাগে তা আমাদের এখান থেকে যাবে। সৈয়দপুর এয়ারপোর্ট থেকে একেবারে ট্রাকে করে সমস্ত মালামাল বাংলাবান্ধা হয়ে নেপাল যাবে। ইতিমধ্যে এ বিষয়ে ইন্ডিয়ার সঙ্গে কথা হয়েছে। বাংলাবান্দা পোর্ট হয়ে যত রিলিফ যাবে তাতে তারা কোনো বাধা দেবে না।’ তিনি বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি,আমাদের এই বন্ধুপ্রতিম দেশের সহযোগিতা আমরা করে যাবো।’
আইডিইবি সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন-শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সম্মেলনের কো-চেয়ারম্যান মোহাম্মদ নাঈম ইয়াকুব।
অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সাধারণ সম্পাদক শামসুর রহমান।
৩০.০৪.২০১৫ 