রমা চৌধুরীকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
রমা চৌধুরী
শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হলো একাত্তরের বীরাঙ্গনা ও বিশিষ্ট লেখিক রমা চৌধুরীকে। তাকে শেষ বিদায় জানাতে সোমবার ১১ টা থেকে ১২ টা ২০ মিনিট পর্যন্ত মরদেহ রাখা হয় চট্টগ্রাম শহীদ মিনারে।
সেখানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত মেয়র, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংষ্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আজ সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
শহীদ মিনারে রমা চৌধুরীর মরদেহ নেয়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বীরাঙ্গনার সাংগ্রামী জীবনের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন।
রমা চৌধুরীকে শ্রদ্ধা জানাতে আসা বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান বলেন, রমা চৌধুরী মুক্তিযুদ্ধে অভূতপর্ব অবদান রেখেছিলেন। তার চলে যাওয়াতে গোটা জাতি শোকাহত। রমা চৌধুরীর আত্মত্যাগের কথা জাতি কোনও দিন ভুলবে না।
রমা চৌধুরীর ছেলে জহর লাল চৌধুরী বলেন, আমার মা কিছু নেয়নি। শুধু দিয়ে গেছেন। আমার একটা দাবি থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আমার প্রতি একটু সদয় হোন। আমাকে যেন একটু দেখা করার সুযোগ দেন। আমার মায়ের শেষ ইচ্ছা ছিলো বৃদ্ধাশ্রম করার। কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। মায়ের ইচ্ছে পূরণে সরকারের সহযোগিতা চান তিনি।
রমা চৌধুরীর বইয়ের প্রকাশ আলাউদ্দিন খোকন বলেন, রমা চৌধুরী ছিলেন একজন নির্লোভ মানুষ।
শ্রদ্ধা নিবেদন এবং গার্ড অব অনার প্রদান শেষে রমা চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি বোয়ালখালীতে। যেখানে তাকে সমাহিত করা হবে।
