যৌন হেনস্থার অভিযোগ করলেন বিজেপি নেত্রী
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৫৮ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
প্রিয়া জারাল
এবার ভারতে নিজ দলের নেতাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন বিজেপি নারী মোর্চার (জম্মু) সদস্য প্রিয়া জারাল।
এ নিয়ে একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি নিজ দলের বেশ কিছু সিনিয়র সদস্যদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে প্রিয়া বলেন, দলে প্রচার দেয়ার পরিবর্তে দলের নারীদের যৌন সম্পর্কের ইঙ্গিত দিত অনেক সিনিয়র নেতা। যে সব নারীরা এই ইঙ্গিতে সাড়া দিতো তারাই প্রচারের প্ল্যাটফর্ম পেত।
ভিডিওতে জারাল বলেন, কংগ্রেস দলের রাহুল গান্ধী এবং একটা মেশিনকে নিয়ে মজা করা হয়। বলা হয় এখানে আলু ঢোকালে তা সোনা হয়ে বেরিয়ে আসবে। কিন্তু আমাদের দলে (বিজেপি) নারীরা সাধারণ কর্মী হিসেবে হোটেলে যায়, আর ফিরে আসে বড় নেতা হয়ে।
আবার অন্য একটি ভিডিওতে তিনি বলেন, একজন দালাল রয়েছে, যাকে অনেকেই চেনে। সে আমাকে বলেছে, সে দুজন নেতার সঙ্গে কথা বলেছে, এই দুজনের মধ্যে একজনের সঙ্গে আমাকে সেটেলমেন্ট করতে হবে।
জারালের এই সোজাসাপ্টা বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুরো বিষয়টি নিয়ে বিজেপি নড়েচড়ে বসেছে।
সর্বশেষ খবর অনুযায়ী, জারালের এই মন্তব্যের পর দল থেকে তার সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
