রয়টার্সের ২ সাংবাদিকের মুক্তি চাইলেন মিশেল
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:৩৯ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
মিয়ানমারের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে দণ্ডিত রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন জাতিসংঘের নতুন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলেট।সোমবার এক বিবৃতিতে মিশেল ব্যাচেলেট এ আহবান জানান।
বিবৃতিতে ব্যাচেলেট বলেন, মিয়ানমারে যে আইনি প্রক্রিয়ায় দুই সাংবাদিকের দণ্ড হয়েছে তাতে স্পষ্টভাবেই আন্তর্জাতিক মান লঙ্ঘন করা হয়েছে।
তিনি বলেন, এর মাধ্যমে যে বার্তাটি দেওয়া হলো তা হচ্ছে, মিয়ানমারের অন্য সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তাদের বরং নিজে থেকে সংবাদ প্রকাশ বন্ধ করতে হবে অথবা বিচারের মুখোমুখি হতে হবে।
সোমবার মিয়ানমারের একটি আদালত রোহিঙ্গাদের নিয়ে তথ্য সংগ্রহকারী রয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সো ওকে সাত বছরের কারাদণ্ড দেয়। ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলীয় জেলা জজ আদালতের বিচারক ইয়ে লুইন এ রায় দেন।
বরাবরই নিজেদের নির্দোষ দাবি করে আসা এই দুই সাংবাদিক মামলার বিচারের সময় আদালতকে বলেছিলেন, গত ১২ ডিসেম্বর ইয়াংগনের এক রেস্তোরাঁয় দাওয়াত দিয়ে নিয়ে দুই পুলিশ সদস্য তাদের হাতে কিছু মোড়ানো কাগজ ধরিয়ে দেন এবং তার পরপরই সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।
সূত্র : রয়টার্স
