রাজধানীতে অর্ধেক শিশু ভিডিও গেমসে আসক্ত : সেভ দ্য চিলড্রেন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
শিশুদের বিনোদনের জন্য খেলার মাঠ, পার্ক বা অন্যান্য ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় রাজধানীর অর্ধেক শিশুই আসক্ত হচ্ছে ভিডিও গেমসে। এছাড়াও শিশুদের খেলার জন্য রাজধানীতে মাঠের অভাব ছাড়াও রয়েছে নিরাপত্তার অভাব। এমন তথ্য প্রকাশ পেয়েছে সেভ দ্য চিলড্রেনের এক গবেষণায়।
ঢাকা শহরে শিশু অধিকার রক্ষা বিষয়ে করা এই গবেষণায় দেখা গেছে, খেলার মাঠ ও নিরাপত্তার অভাবে ৪৯ শতাংশের বেশি শিশু ভিডিও গেমস খেলে। ৪৬ দশমিক ৯ শতাংশ শিশু খোলা মাঠে খেলার সুযোগ থেকে বঞ্চিত।
গবেষণায় অংশগ্রহণ করা ৩৬ শতাংশ শিশু জানায়, রাজধানীতে খোলা মাঠের অভাব রয়েছে। ১২ শতাংশ মনে করে নিরাপত্তার অভাব আছে।
বুধবার রাজধানীতে ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।অনুষ্ঠানে গবেষক দলের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।
সেভ দ্য চিলড্রেনের গুড ক্যাম্পেইনের আওতায় রাইট টু প্লে শীর্ষক এই গবেষণা ডেইলি স্টারের সাথে যৌথভাবে করা হয়।
ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ৮ থেকে ১৪ বছরের ৩শ শিশুর ওপর গত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই গবেষণা করা হয়। এখানে ৫৬ শতাংশ ছেলে শিশু ও ৪৪ শতাংশ মেয়ে শিশু তাদের খেলার অধিকার নিয়ে মতামত প্রকাশ করে।
গবেষণায় খেলার ক্ষেত্রে মেয়ে ও ছেলে শিশুর মধ্যে বৈষম্য আছে বলে উল্লেখ করা হয়। গবেষণা মতে, কল্যাণপুর বস্তি এলাকার ৫০ শতাংশ শিশু ভিডিও গেমস খেলে। ধানমন্ডি এলাকায় এই সংখ্যা ২৪ শতাংশ, মিরপুর এলাকায় ২১ শতাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৮ শতাংশ। ৫১ শতাংশ ছেলে শিশু ফুটবল খেলে আর ২৩ শতাংশ মেয়ে শিশু ফুটবল খেলে।
৬০ শতাংশ পিতামাতা মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ প্রয়োজন বলে মনে করেন। ৩৩ শতাংশ পিতামাতা মেয়েদের খোলা মাঠে খেলা নিয়ে সমাজের নেতিবাচক অবস্থার কথা এবং ২৬ শতাংশ খোলা মাঠে মেয়েদের খেলার বিষয়ে নিরাপত্তার কথা উল্লেখ করেন।
শিশুবান্ধব পরিবেশ ও খেলাধুলার ক্ষেত্রে উত্তরা পরিকল্পিত এলাকা হওয়া সত্ত্বেও এটি আন্তর্জাতিক মানের ১০ শতাংশ পূর্ণ করে বলে গবেষণায় উল্লেখ করা হয়।
