ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২২:৩৫:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তামিমির বিদেশ সফরে নিষেধাজ্ঞা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

অহেদ তামিমি

অহেদ তামিমি

ফিলিস্তিনি সংগ্রামের প্রতীক অহেদ তামিমি ও তার পরিবারের ওপর বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। কারাগার থেকে মুক্তি পাওয়ার প্রায় দুই মাস পর এ নিষেধাজ্ঞা দিলো দেশটি।

 

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুকে শুক্রবার তামিমির বাবা বাসিম তামিমি বলেন, তার পরিবার জর্দান হয়ে ইউরোপ সফরের পরিকল্পনা করেছিল। এ সফরে তাদের ফিলিস্তিনি আন্দোলন নিয়ে কিছু অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের জানিয়েছে যে, ইসরায়েলকে না জানিয়ে তামিমির পরিবার বিদেশ সফর করতে পারবে না।

 

বাসিম তামিমি জানিয়েছেন, শুক্রবার সকালেই তাদের ইউরোপ সফরে বের হওয়ার পরিকল্পনা ছিল। অহেদ তামিমি ইরান সফরেরও পরিকল্পনা করেছিলেন।

 

ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে অহেদ তামিমির বাবা বলেছেন, তার মেয়েকে ইসরায়েল বিদেশ সফরের ব্যাপারে এই ভয়ে বাধা দিয়েছে যে, তারা মনে করে ইসরায়েলের শত্রুদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করে অহিদ তামিমি মধ্যপ্রাচ্যকে খণ্ডবিখণ্ড করা সংক্রান্ত ইহুদিবাদী ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।

 

অহেদের বাবা আরও বলেন, তার মেয়েকে ইসরায়েল বিদেশ সফরের বিষয়ে বাধা দিচ্ছে এই কারণে যে, অহেদ তামিমি মানবতার জন্য একজন অ্যাম্বাসাডর হয়ে গেছে এবং তার প্রতি তেল আবিবের প্রতিদ্বন্দ্বীদের সহানুভূতিকে ইসরায়েল ভয় পায়।

 

গত ডিসেম্বর মাসে অভিযান চালিয়ে ইসরায়েলের সেনারা আটক করেছিল ফিলিস্তিনের ১৭ বছর বয়সী এ কিশোরীকে। সে সময় তামিমি ইসরায়েলের দুই সেনার মুখে থাপ্পড় মারেন এবং সেই ভিডিও আন্তর্জাতিক অঙ্গনে ভাইরাল হয়ে পড়ে। তার বিরুদ্ধে সেনাদের ওপর হামলা, উসকানি দেয়া এবং ইসরায়েলি সেনাদের কাজে বাধা দেয়াসহ ১২টি অভিযোগ আনা হয়। ইসরায়েলি আদালত তাকে আট মাসের কারাদণ্ড দেয় এবং গত ২৯ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।