৭ খুন : চার্জশিটের বিরুদ্ধে নজরুলের স্ত্রীর 'না রাজী'
প্রকাশিত : ১২:১৪ পিএম, ১১ মে ২০১৫ সোমবার | আপডেট: ১২:১৪ পিএম, ১১ মে ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় দুটি মামলায় আদালতে দেওয়া চার্জশিটের বিরুদ্ধে ‘না রাজী’ দিয়েছেন এক মামলার বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।
সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে শুনানি শেষে তিনি এই ‘না রাজী’ দেন।
জানা গেছে, ত্রুটিপূর্ণ চার্জশিট ও এজাহারভুক্ত ৫ আসামিকে অব্যাহতি দেওয়ায় না রাজী দেওয়া হয়েছে। তবে অপর মামলার বাদী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল চার্জশিটের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।
আগামী ৮ জুন পরবর্তি শুনানির দিন ধার্য্য করা হয়েছে। সেদিন চার্জশিটের ব্যাপারে আদেশ দেওয়া হবে। সাত খুনের ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ ও হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়।
১১.০৫.২০১৫ 