স্ত্রী নির্যাতনের ঘটনায় উপ-পরিদর্শক কারাগারে
প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৪ মে ২০১৫ সোমবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ৪ মে ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, বরিশাল : স্ত্রী নির্যাতনের ঘটনায় শাশুড়ির দায়ের করা মামলায় বরিশালের মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ারেছকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (৪ মে) দুপুর সোয়া ১২টায় বাদীপক্ষের আইনজীবী উম্মে আসমা শেলী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, এসআই ওয়ারেছ গত ৬ এপ্রিল থেকে উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার সকালে তিনি বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন।
এ সময় জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বাদীপক্ষের আইনজীবীরা জামিন আবেদনের বিরুদ্ধে আপিল করলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আদিব আলী তা নামঞ্জুর করে ওয়ারেছকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনার পর ওয়ারেছ কিছুদিন পালিয়ে থেকে উচ্চ আদালত থেকে জামিন নেন। সোমবার জামিনের শেষ দিনে বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বাদীপক্ষের আপত্তির প্রেক্ষিতে তা নামঞ্জুর করেন বিজ্ঞ আদালত। চলতি বছরের ১০ মার্চ এসআই ওয়ারেছের শাশুড়ি মাহামুদা বেগম তার স্কুল পড়ুয়া মেয়েকে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন।
০৪.০৫.২০১৫ 