ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
রাজধানীতে ক্রমেই বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের মধ্যে ৩ থেকে ৯ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে। রোগীদের মধ্যে ছেলেশিশুর সংখ্যা মেয়েদের তুলনায় অনেক বেশি। ঢাকা শিশু হাসপাতালের দেয়া সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে এ উপাত্ত পাওয়া যায়।
ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত বছর হাসপাতালে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে ১১৫টি শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে অধিকাংশ রোগী এসেছে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে। কোনো মৃত্যুর ঘটনা ছিল না। কিন্তু এ বছর এই সময়ের মধ্যে আড়াই শতাধিক শিশু চিকিৎসা নিয়েছে। এরা সবাই ডেঙ্গুতে আক্রান্ত। এর মধ্যে তিনটি শিশু মারা গেছে। রাজধানীর পাশাপাশি সারাদেশ থেকেই রোগী আসছে। বর্তমানে ৩৯টি শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের মোট শয্যার সংখ্যা ৬৫০।
এ বছরের ৪ জুলাই থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুদের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এখানে চিকিৎসা নেওয়া ডেঙ্গুতে আক্রান্ত শিশুরা অধিকাংশই মিরপুরের। এই হাসপাতালে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে একটি শিশু মিরপুর এলাকার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা ৬৫ শতাংশ শিশু মিরপুরের। এ সময় হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২৫১টি শিশু।
ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৬ সদস্যের ডেঙ্গু সেল তৈরি করেছে। ৬০ জন চিকিৎসককে ডেঙ্গু বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৬ সদস্যের ডেঙ্গু সেল তৈরি করেছে। ৬০ জন চিকিৎসককে ডেঙ্গু বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
