আফগানিস্তানে মাইন বিস্ফোরণে ৮ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৬:৫৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারইয়াবে ভূমিমাইন বিস্ফোরণে আট শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ছয় জন। আজ শনিবার স্থানীয় পুলিশ এ তথ্য জানায়।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র আব্দুল করিম উরাশ এই ঘটনার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, শুক্রবার সন্ধ্যায় প্রাদেশিক রাজধানী মাইমানা নগরীর উত্তরাঞ্চলে শিরিন তাগাব জেলার কোহ-ই-সাইয়াদ গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র বলেন, নিহতদের বয়স ছয় থেকে ১২ বছর।
তালেবান জঙ্গি ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালাতে এ ধরনের বিস্ফোরক ব্যবহার করে। কিন্তু প্রাণঘাতী এই অস্ত্রে বেসামরিক লোকও মারা যায়।
আফগানিস্তানে জাতিসংঘের মিশন প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে দেশটিতে সংঘাত সহিংসতায় ১ হাজার ৬৯০ বেসামরিক লোক নিহত ও ৩ হাজার ৪৩০ জনের বেশি লোক আহত হয়েছে।
হতাহতের মধ্যে ৩৬৩ শিশু প্রাণ হারিয়েছে ও ৯৯২ জন আহত হয়েছে।
