এবার নারী সংবাদ পাঠিকা পেল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১২:৫৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
সৌদি আরবে নারীর ক্ষমতায়নে যুক্ত হল নতুন মাত্রা। এবার সৌদি আরবের প্রথম টিভি নারী সংবাদ পাঠিকা হিসেবে রেকর্ড করলেন বিয়াম আল দখিল।
বৃহস্পতিবার সৌদি সরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠ করেন বিয়াম আল দখিল। এই ঘটনাটি দেশটিতে এবারই প্রথম ঘটল। কারণ এর আগে সৌদিতে টিভিতে নারীরা সংবাদ পাঠ করতে পারতেন না। বিয়ামই প্রথম সৌদি নারী হিসেবে রেকর্ড করলেন।
জানা গেছে, সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বিয়াম আল দখিল। তবে এই প্রথম সৌদি আরবের টিভি চ্যানেলে সংবাদ পাঠ করলেন তিনি। এর আগে সিএনবিসি আরব-এ কাজ করতেন বিয়াম। বাহরাইনের আল আরব চ্যানেলেও সাংবাদিকতা করেছেন তিনি।
সূত্র: ডেইলি মেইল
