ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৪:৪৪:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এ দেশের পোশাক কারখানা নিরাপদ পর্যায়ের : বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:০৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো বিশ্বের সবচেয়ে নিরাপদ কারখানারগুলো মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

 

তিনি বলেন, গত ৫ বছরে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সহযোগিতায় দেশটির তৈরি পোশাক শিল্পে বড় ধরনের পরিবর্তন এসেছে। এর বড় অংশ এ দেশে থাকার কারণে স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে।

 

আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

মার্কিন রাষ্ট্রদূত বলেন, তৈরি পোশাক শিল্পের মাধ্যমে এ দেশের লাখো শ্রমিক দারিদ্র্যের কবল থেকে মুক্তি পেয়েছে। আগামীতে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কষ্টার্জিত অগ্রগতিকে ধরে রাখার পরামর্শ দেব।

 

তিনি আরো বলেন, পোশাক শিল্পে সামনে সবচেয়ে বড় বাধা শ্রমিকদের অধিকারের বিষয়। দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রতিক বছরগুলোতে এ বিষয়ের অগ্রগতি ছিলো শ্লথ। আমি এ কথাটি অনেকবার জোর দিয়ে বলেছি।

 

বার্নিকাট বলেন, আন্তর্জাতিক শ্রমনীতি মেনে চলা বুদ্ধিমানের কাজ। এজন্য দ্রুত আইনগত পরিবর্তন জরুরি। এটা সম্ভব করা গেলে বিদেশের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। আর শ্রমনীতি মানতে দেরি করলে এ দেশের সুনাম ক্ষুন্ন হওয়ার ঝুঁকি বাড়বে।