ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর ফোন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:০১ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:৪৪ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার
ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাদের মধ্যে ১০ মিনিট কথা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
শেখ হাসিনা সম্প্রতি ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় জীবন ও সম্পদহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ইন্দোনেশিয়া একা নয়; বাংলাদেশও এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কী ধরনের সাহায্য প্রয়োজন তা তিনি জানাতে বলেছেন। বাংলাদেশ এ দুর্যোগে ইন্দোনিশায় সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত।’
উল্লেখ্য ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৩৪ হয়েছে। দেশটির সরকার মঙ্গলবার এ কথা জানায়।
এর আগে সরকারি হিসেবে ৮৪৪ জনের প্রাণহানির কথা বলা হয়েছিল। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতপো পুরোয়ো নুগরহো বলেন, স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,২৩৪ জনে দাঁড়িয়েছে।
