ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২০:২৩:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এইচ আরনল্ডসহ তিন বিজ্ঞানীর রসায়নে নোবেল জয়

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:০২ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫৬ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

এ বছর রসায়নে নোবেল পুরস্কার জিতে নিলেন মার্কিন নারী রসায়নবিদ ফ্রান্সেস এইচ আরনল্ডসহ তিন জন। বাকী দুজন হলেন জর্জ পি স্মিথ এবং ব্রিটিশ রসায়নবিদ স্যার গ্রেগরি পি উইন্টার।

 

বুধবার সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় রসায়নে এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি।

 

রয়্যাল সুইডিশ একাডেমির এক বিবৃতিতে বলা হয়েছে, ‌বিবর্তনবাদের ক্ষমতা ও মানবজাতির রাসায়নিক সমস্যার সমাধানের জন্য প্রোটিনের বিকাশ, জেনেটিক পরিবর্তন ও নির্বাচনে উল্লেখযোগ্য অবদান রাখার কৌশল উদ্ভাবন করায় এ তিন বিজ্ঞানীকে রসায়নের নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

 

আরনল্ড পঞ্চম নারী হিসেবে এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেলেন। পুরস্কারের অর্থ ৯০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন মার্কিন এই রসায়নবিদ। এছাড়া তার সহকর্মী দুই গবেষক মার্কিন স্মিথ ও ব্রিটিশ রসায়নবিদ উইন্টার বাকি অর্থ ভাগাভাগি করবেন।

 

চলতি বছরের এ পর্যন্ত ঘোষিত নোবেল পুরস্কার জয়ীদের মধ্যে আরনল্ড দ্বিতীয় নারী। এর আগে মঙ্গলকার কানাডার পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড পদার্থে নোবেল পুরস্কার জয়ী হন।

 

আগামী শুক্রবার শান্তি এবং ৮ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তবে নোবেল কমিটির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠায় এ বছর সাহিত্যের নোবেল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নোবেল কমিটি।