ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ১১:১৬:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের

ক্রীড়া প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) প্রথমবারের মতো নারীদের ক্লাব নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছে। গত বছর বাংলাদেশ মহিলা ফুটবল লিগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি কাঠমান্ডুতে সাফ ক্লাব কাপে খেলছে। শুক্রবার (৫ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে স্বাগতিক এপিএফ ক্লাবের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে সানজিদারা। 

নাসরিন স্পোর্টিংয়ে গত বছর সাবিনা, কৃষ্ণা,মাসুরা, রুপ্নাসহ জাতীয় দলের সবাই খেলেছিলেন। এবারো তাদের নিয়ে দল গঠনের পরিকল্পনা ছিল ক্লাবটির। জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার ক্যাম্প থেকে ফুটবলার ছাড়তে রাজি না হওয়ায় নাসরিন ভালো দল গঠন করতে পারেনি। রুপ্না, ঋতুপর্ণারা না থাকায় সাবিনা, কৃষ্ণারাও খেলতে যাননি। শেষ পর্যন্ত সানজিদা আক্তারকে অধিনায়ক করে পাঠিয়েছে নাসরিন। তার সঙ্গে রয়েছেন অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতিসহ আরও কয়েকজন।

নাসরিন আক্তারের দলটি মূলত নারী ক্রীড়া সংগঠক নাসরিন আক্তার বেবীর হলেও ফুটবলাঙ্গনে সবার জানা বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের কর্তৃত্ব সর্বাধিক। বাফুফের কোচ ও বাফুফের স্টাফরাও গেছেন নাসরিন দলের সঙ্গে। ৩ ডিসেম্বর কাঠমান্ডুতে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত খেলোয়াড় তালিকা, ফলাফল কোনো কিছুই গণমাধ্যমে পাঠায়নি নাসরিন ক্লাব কিংবা ফেডারেশন। খেলা শেষ হওয়ার এক ঘণ্টা পর ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে বাফুফে।

বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন এখনো সাফ সভাপতির পদে রয়েছেন। তিনি সাফের সভাপতি হয়েও অনেক টুর্নামেন্টে যান না। ঢাকায় অনুষ্ঠিত সাফ অ-২০ নারী টুর্নামেন্টের ফাইনাল বা কিংবা কোনো ম্যাচে উপস্থিত থাকেননি। এবার অবশ্য সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের শুরুর দিনই ছিলেন। এএফসির নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও আজ কাঠমান্ডুতে রয়েছেন। ৩ ডিসেম্বর বাফুফের নির্বাহী সভায় তিনি অনুপস্থিত ছিলেন।

নারী সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও ভুটানের একটি করে ক্লাব অংশগ্রহণ করছে। প্রতিটি দল একে অন্যের সঙ্গে একবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ফাইনালে মুখোমুখি হবে।