নারীদের হাতে ট্রেনের পুরো দায়িত্ব
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:০১ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৯:০১ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
ট্রেন চলছে কু ঝিক ঝিক। ট্রেনের যাত্রী, গার্ড, চালক, যাত্রী সুরক্ষা প্রতিনিধির সবাই নারী। যেন পুরোদস্তুর নারী ব্রিগেড। হিসেবে ট্রেনের পুরো দায়িত্বই নারীদের হাতে।
সম্প্রতি এমনটাই ঘটেছে ভারতের শিয়ালদহ-রানাঘাট মাতৃভূমি লোকালে। এমনিতে মাতৃভূমি লোকালে নারীরাই উঠেন। ৫ সেপ্টেম্বর শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়ে নারী বহর নিয়ে। যেখানে যাত্রী, গার্ড, চালক, যাত্রী সুরক্ষা প্রতিনিধির সবাই নারী। পুরো লোকাল ট্রেনই নারীদের দ্বারা পরিচালিত, এই দৃশ্য ভারতে এই প্রথম। বিষয়টি জানতে পেরে যাত্রীরাও প্রশংসা করেন এই উদ্যোগের। ভারতে নারীদের ক্ষমতায়নের প্রশ্নে এই ঘটনা একটি সার্থক পদক্ষেপ।
ট্রেনে গার্ডের দায়িত্বে আছেন সবিতা শাহ। চালকের দায়িত্বে আছেন সৌমিতা রায়। অন্যদিকে যাত্রীদের সুরক্ষার দিকটা সামলাচ্ছেন সাব ইন্সপেকটর শিবানী মজুমদার। তাকে সাহায্য করছেন সাতজন নারী পুলিশ। সেপ্টেম্বর মাসেই চালক হিসেবে উত্তীর্ণ হয়েছেন সৌমিতা রায়। প্রশিক্ষণ পর্ব শেষে সফলভাবে উতরে গেছেন পরীক্ষায়। রেল কর্তৃপক্ষ তার চালক হওয়ার অদম্য বাসনাকে কুর্নিশ জানিয়েছে। শুধু সৌমিতাই নয়, ইতমধ্যেই মৌমিতা অধিকারী, পায়েল মিশ্র, সুরুচি কুমার প্রমুখ দক্ষ ও প্রশিক্ষিত নারী দূরপাল্লার ও লোকাল ট্রেনে চালক হিসেবে কাজ করছেন।
