ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৪:০২:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীর ক্ষমতায়নে প্রধান বাধা বাল্যবিয়ে : চুমকি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৩১ পিএম, ১০ অক্টোবর ২০১৮ বুধবার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর ক্ষমতায়নের প্রধান অন্তরায় বাল্যবিয়ে।এর অভিশাপ থেকে মুক্ত হতে সমাজের সর্বস্তরে সচেতনতা প্রয়োজন।


আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাল্য বিবাহ প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিয়ের কারণে কন্যা শিশু লেখা পড়া করে নিজেকে গড়ে তোলার সুযোগ থেকে বঞ্চিত হয়। ফলে তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পায় না। পাশাপাশি বাল্যবিয়ের শিকার হয়ে মারাত্মক ভাবে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ে।


তিনি বলেন, বাল্য বিয়ে নয়, কন্যা শিশুকে শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুললে তারা দেশের উন্নয়নে সহযোগী ভূমিকা রাখতে পারবে।


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মানব বন্ধনে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, নির্বাহী পরিচালক বেগম জাহানারা পারভীন,মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন প্রমুখ।


নাছিমা বেগম বলেন, বাল্য বিয়ে বন্ধে আমরা অনেক দূর এগিয়েছি। এর সংখ্যা শূন্যতে নামিয়ে আনতে সরকার সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাল্য বিয়ের কারণ চিহ্নিত করে তা নির্মূলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।


এর আগে প্রতিমন্ত্রী কন্যা শিশু দিবস উপলক্ষে এক র‌্যালীর নেতৃত্ব দেন। র‌্যালীটি শিশু একাডেমী থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়।