আজ সিদ্দিকা কবীরের ৮৪তম জন্মবার্ষিকী
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪১ পিএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার
মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আজ বাংলাদেশের প্রখ্যাত পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবীরের ৮৪তম জন্মবার্ষিকী। তিনি গত ৩১শে জানুয়ারি ২০১২ সালে ৮০ বছর বয়সে ঢাকায় মারা যান।
সিদ্দিকা কবীর ১৯৩১ সালের ৭ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ইডেন কলেজে থেকে বিজ্ঞান বিষয়ে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হন ও সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পর তিনি ফোর্ড ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি হন। ১৯৬৩ সালে এই প্রতিষ্ঠান খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি পান।
১৯৬৫ সালে তিনি তদানিন্তন পাকিস্তান টেলিভিশনে ’ঘরে বাইরে’ নামে রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করা শুরু করেন। সিদ্দিকা কবীর তাঁর ’রান্না খাদ্য পুষ্টি’ বইটির জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেন। বাংলাদেশের সর্বাধিক বিক্রিত বইগুলির মধ্যে এখন পর্যন্ত বইটি অন্যতম। বইটি প্রথম প্রকাশের সময় মুক্তধারা,বাংলা একাডেমীসহ অন্যান্য প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করতে রাজী হয় নাই। পরে এটি নিজ খরচে প্রকাশ করা হয়। প্রকাশের পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
১৯৮৪ সালে ইংরেজি ভাষায় একটি কারি রান্নার বই লেখেন তিনি। ১৯৮০ সালে লেখেন পাঠ্যবই খাদ্যপুষ্টি ও খাদ্য ব্যবস্থা। এখন বইটি স্নাতক পর্যায়ে পড়ানো হয়। এছাড়া তিনি ১৯৯৭ সালে দৈনিক জনকণ্ঠে রসনা নামে কলাম লিখেন, যা পরবর্তীতে খাবার দাবারের কড়চা নামে প্রকাশিত হয়।
এছাড়াও তিনি বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে ‘সিদ্দিকা কবীরস রেসিপি’ নামে রান্নার একটি অনুষ্ঠান উপস্থাপনা করে ব্যাপক খ্যাতি পান। অধ্যাপক সিদ্দিকা কবীর ৩১ জানুয়ারি ২০১২ বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
০৭.০৫.২০১৫ 