পঞ্চগড়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ১২:২১ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় শেফালি আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ওই গৃহবধূ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মারা যান। এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর, শাশুড়ি ও ননদকে আটক করেছে পুলিশ।
ওই গৃহবধূর পরিবারের দাবি তাকে মারধর করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বর্মতল এলাকার সাইবুল ইসলামের মেয়ে শেফালি আক্তারের সাথে একই উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের খাদেমুল ইসলামের ছেলে লিটন ইসলামের বিয়ে হয়। বিয়ের পরেই যৌতুকের দাবিতে শেফালিকে মারধর করতো লিটন। এ বিষয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। গতকাল রোববার দুপুরে শেফালি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরলে আবারও তাকে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, প্রাথমিকভাবে ওই গৃহবধূর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল হক জানান, এ বিষয়ে ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এর মধ্যে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলা অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
