ষষ্ঠী উদযাপিত : আজ মঙ্গলবার মহাসপ্তমী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:২০ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:২২ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
আজ মঙ্গলবার মহাসপ্তমী। শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের মাধ্যমে শুরু হয়েছে আজকের দিনের কার্যক্রম। মূলত দুর্গোৎসবের মূল পর্বও শুরু হয়েছে আজ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার গতকাল সোমবার প্রথম দিন অতিবাহিত হয়েছে। বিপুল উৎসাহ- উদ্দীপনায় ‘মহাশক্তি মহামায়া দুর্গতিনাশিনী দেবীদুর্গাকে ভক্তিভরে বরণ করে নেন সারা দেশের হিন্দু নর-নারী।
দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণ, দেবীকে আসন, বস্ত্র, নৈবদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা-এর সবই রয়েছে মহাসপ্তমীর কার্যসূচীতে। সন্ধ্যায় বিভিন্ন পূজামণ্ডপে ভক্তিমূলক সংগীত, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠান হবে। আজ মহাসপ্তমীর দিন সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এরপর অঞ্জলি প্রদান।
আগামীকাল বুধবার মহাষ্টমী। প্রতিবছরের মতো এবারও ঢাকার রামকৃষ্ণ মঠ মিশনে মহাষ্টমীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কুমারী পূজা। সকাল ৯টা ৫৮ মিনিটে মহাঅষ্টমী পূজার পর হবে কুমারী পূজা।
গতকাল সকালে সারা দেশে মণ্ডপে মণ্ডপে হয়েছে দেবীর ঘুম ভাঙানোর সেই বন্দনা পূজা বা বোধন। ষষ্ঠী তিথিতে বেলতলায় বিহিতপূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মূল দুর্গোৎসবের সূচনা হয়।রাজধানীর পূজামণ্ডপগুলোতে সকালে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে সূচনা হয় মহাষষ্ঠী।
সন্ধ্যা শুরু হতে না হতেই মণ্ডপে মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সর্বস্তরের শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। ভক্তরা ভক্তিভরে দেবী দুর্গাকে প্রণাম করেন। সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা আর মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য আরাধনা করেন।
রাজধানী ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে আনন্দের মহোৎসব। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই আনন্দে মাতোয়ারা।
পাঁচ দিনের শারদ উৎসব শেষ হবে শুক্রবার বিজয়া দশমীর মধ্য দিয়ে।
