ঢাকা, রবিবার ০১, ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা অনলাইন ব্যবস্থার গুরুতর ত্রুটির কারণে অন্তত ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে।

ইসির ওয়েবসাইটে করা সাংবাদিকদের আবেদনের মধ্যে ছিল- ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, অফিসের পরিচয়পত্র, গণমাধ্যম প্রতিষ্ঠান অনুমোদিত সাংবাদিকের তালিকাসহ প্রতিষ্ঠানসংশ্লিষ্ট তথ্য। আন্তর্জাতিক অপরাধ

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই বিষয়টিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার সরাসরি প্রমাণ বলে মনে করেন। গণমাধ্যমকে তিনি বলেন, একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কীভাবে এমন একটি সিস্টেম চালু করে, যেখানে ডেটা প্রোটেকশন, অ্যাকসেস কন্ট্রোল, বেসিক সিকিউরিটি টেস্টিংই নেই? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলোÑ এই ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য কপি হয়েছে কি না, তৃতীয় কোনো পক্ষের হাতে গেছে কি না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে পরিবর্তন এনেছিল ইসি। এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করেছে সংস্থাটি।

তবে সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত থেকে গত বৃহস্পতিবার সরে আসে ইসি। ম্যানুয়ালি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। তবে ইসির সিদ্ধান্ত পরিবর্তনের আগে প্রায় ১৪ হাজার সাংবাদিক কার্ড ও স্টিকার পেতে তাদের অনলাইন সিস্টেমে আবেদন করেন।

গতকাল বিকেল ৪টার পর হঠাৎ ইসির ওয়েবসাইটে আবেদন করা সাংবাদিকদের তথ্য উন্মুক্ত হয়ে যায়। ওয়েবসাইটের ইউআরএলে ইউজারের জায়গায় অ্যাডমিন দিয়ে সার্চ করলে সম্পূর্ণ আবেদন এবং তথ্য দেখা যাচ্ছিল। ওয়েবসাইটের হোম পেজে তালিকা আসার পাশাপাশি আবেদনকারীর নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ আবেদন ওপেন করার অপশন চলে আসে। যদিও সন্ধ্যার দিকে ওয়েবসাইটটিতে আর ঢোকা যায়নি।