২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৭ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
পাসপোর্ট দৌড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি নগররাষ্ট্র আবারও শীর্ষস্থান দখল করেছে। তবে ২০২৫ সালের শেষ প্রান্তিকের পর থেকে র্যাংকিংয়ে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। চলতি বছরে প্রকাশিত হয়েছে হেনলি পাসপোর্ট সূচক–২০২৬ (Henley Passport Index)। গত অক্টোবরের সূচক–এর তুলনায় এবার প্রভাবশালী পাসপোর্টের তালিকায় দেখা গেছে উল্লেখযোগ্য পরিবর্তন। জেনে নেওয়া যাক চলতি বছরের প্রভাবশালী পাসপোর্টের তালিকা সম্পর্কে।
পাসপোর্টগুলো কীভাবে র্যাঙ্ক করা হয়?
এই র্যাঙ্কিং নির্ধারণ করা হয় একটি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই কতটি দেশে প্রবেশ করতে পারেন তার ভিত্তিতে। গত জুলাই ও অক্টোবরে এই তালিকার শীর্ষে ছিল সিঙ্গাপুর যা এবারের সূচকেও অপরিবর্তিত। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৯২টি দেশে প্রবেশ করতে পারেন। যা বিশ্বে অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি।
এছাড়া যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান—উভয় দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৮৮টি দেশে যেতে পারেন। এটি জাপানের জন্য এক ধাপ উন্নতি, কারণ আগের সূচকে তারা ছিল তৃতীয় স্থানে।
পাশাপাশি আরও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে ইতোমধ্যেই। চলতি বছরের সূচকে সুইডেন তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থান থেকে উঠে এসেছে তৃতীয় স্থানে, যেখানে তারা এখন লুক্সেমবার্গ, ডেনমার্ক, স্পেন ও সুইজারল্যান্ডের সঙ্গে অবস্থান করছে। অন্যদিকে, যুক্তরাজ্য (ইউকে) সামান্য উন্নতি করে অষ্টম স্থান থেকে উঠে এসেছে সপ্তম স্থানে। আর অক্টোবরে শীর্ষ দশের বাইরে চলে গেলেও যুক্তরাষ্ট্র (USA) আবার ঘুরে দাঁড়িয়ে এবার দশম স্থানে এককভাবে জায়গা করে নিয়েছে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি পাসপোর্ট:
১. সিঙ্গাপুর
২. জাপান, দক্ষিণ কোরিয়া
৩. লুক্সেমবার্গ, ডেনমার্ক, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন
৪. অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, গ্রিস, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে
৫. হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সংযুক্ত আরব আমিরাত (UAE)
৬. ক্রোয়েশিয়া, চেকিয়া, এস্তোনিয়া, মাল্টা, নিউজিল্যান্ড, পোল্যান্ড
৭. অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিশটেনস্টাইন, যুক্তরাজ্য (UK)
৮. কানাডা, আইসল্যান্ড, লিথুয়ানিয়া
৯. মালয়েশিয়া
১০. যুক্তরাষ্ট্র (USA)
