ঢাকা, মঙ্গলবার ০৩, ফেব্রুয়ারি ২০২৬ ০:৪৬:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশের বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তিন দফায় কমানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। সবশেষ ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সোনার ইতিহাসে বিরল এই ঘটনাটি ঘটেছে গত রাত থেকে আজ বিকেলের মধ্যে।

১. প্রথম দফা :  গত রোববার রাতে বৈঠক করে সোনার দাম কমানো হয়, যা আজ সোমবার সকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

২. দ্বিতীয় দফা : সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে আগের সিদ্ধান্ত সংশোধন করে আবারও দাম কমানো হয়।

৩. তৃতীয় দফা : দ্বিতীয় দফার মাত্র পাঁচ ঘণ্টা পর বেলা ৩টা ৪৫ মিনিটে আবারও দাম কমানোর ঘোষণা দেয় বাজুস।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

চলতি ২০২৬ সালে এ নিয়ে দেশের বাজারে ২২ বার সোনার দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে মোট ৮ বার।

জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে এবং স্থানীয় বাজারে চাহিদার ওপর ভিত্তি করে এই দাম সমন্বয় করা হয়েছে। তবে চব্বিস ঘণ্টার মধ্যে তিনবার দাম কমার ঘটনায় বাজারে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে।