কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
মাদকসংক্রান্ত সহিংসতা ও কোকেন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডানপন্থি জনতুষ্টিবাদী নেতা লরা ফার্নান্দেজ। তার এই বিজয়ের মধ্য দিয়ে লাতিন আমেরিকায় ডানপন্থি রাজনীতির অবস্থান আরও শক্ত হলো। খবর দ্য গার্ডিয়ানের।
দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল জানিয়েছে, ৯৪ শতাংশ ভোট গণনায় ৩৯ বছর বয়সী ফার্নান্দেজ পেয়েছেন ৪৮.৩ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্য-ডানপন্থি অর্থনীতিবিদ আলভারো রামোস পেয়েছেন ৩৩.৪ শতাংশ। নিয়ম অনুযায়ী ৪০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করায় দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন পড়েনি।
বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো চাভেসের রাজনৈতিক উত্তরসূরি ফার্নান্দেজ এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের ‘লৌহমানবী’ নীতির অনুসরণে অপরাধ দমনের ঘোষণা দিয়েছেন। কোস্টারিকায় সাম্প্রতিক বছরগুলোতে মাদক চোরাচালান ও গ্যাং-সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। ফার্নান্দেজ সর্বোচ্চ নিরাপত্তার কারাগার নির্মাণ ও জরুরি অবস্থা জারির মতো কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াস সতর্ক করেছেন, এই জয়ে কোস্টারিকার দীর্ঘদিনের গণতান্ত্রিক ঐতিহ্য হুমকির মুখে পড়তে পারে।
