পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দি ভোটারদের ভোটগ্রহণ শুরু হয়েছে। সারাদেশের বিভিন্ন কারাগারে থাকা মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার নিজ নিজ কারাগারে স্থাপিত নির্ধারিত বুথে ভোটাধিকার প্রয়োগ করছেন।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই কারাগারগুলোতে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করে কারা কর্তৃপক্ষ।
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে এই কার্যক্রম পরিদর্শন করেন কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
পরিদর্শনকালে তিনি জানান, ডাকযোগে খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার আগেই সংশ্লিষ্ট সব কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে। কারাবন্দি ভোটাররা এসব ব্যালটের মাধ্যমেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
তিনি আরও জানান, কারাবন্দিদের ভোটগ্রহণ কার্যক্রম আগে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত থাকলেও ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় নির্বাচন কমিশন সময়সীমা বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এর সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, বেলা ১১টা থেকে কারাগারের ভেতরে স্থাপিত ১০টি বুথে ভোটগ্রহণ চলছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
তিনি বলেন, ভোটগ্রহণের আগে কারাবন্দি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটাররা নির্ধারিত বুথে প্রবেশ করে শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
কারা সূত্র জানায়, দেশের সব কারাগারের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ)। সেখানে ছয় শতাধিক কারাবন্দি ভোটার রয়েছেন।
এদিকে কেরানীগঞ্জ বিশেষ কারাগারে দুটি বুথে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সেখানে শুধু সাধারণ কয়েদিরা ভোট দিয়েছেন। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজনৈতিক বন্দিরা ভোট দেবেন।
ভোটদানকারী রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
নিয়ম অনুযায়ী, কারাবন্দি ভোটাররা নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীর পক্ষে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করছেন।
