ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৩:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ডা. জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, আমাদের সবারই নানা ধরনের সমস্যা রয়েছে। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমেই এসব সমস্যার কার্যকর সমাধান সম্ভব। গতকাল বুধবার রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির পেশাজীবী বিভাগের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, আমাদের রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বিশ্বাস করি— আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা; সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, করাইল সাততলা এলাকা থেকে আসা তিনজন নারী, দুইজন পোশাকশ্রমিক এবং একজন পরিবহন শ্রমিকের কাছ থেকে তাদের হৃদয়বিদারক সমস্যার কথা তিনি শুনেছেন। এসব সমস্যা সাধারণ মানুষের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, বিএনপি সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা ও মেধার মূল্যায়নে বিশ্বাস করে। মেধাভিত্তিক চাকরি, ন্যায্য অধিকার এবং শোষণের আগে সুবিচার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় বিএনপি, যেখানে নেতার আগে জনতা।

সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ডা. জোবায়দা রহমান বলেন, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা আপনাদের সমস্যাগুলো আরও মনোযোগ দিয়ে শুনবো, জানবো এবং সমাধানের পথ খুঁজবো। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। একটি সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, ইসমাইল জবিউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।