ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৫:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ- বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জরিপের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এবারের নির্বাচনে ৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবেন। কেউ যদি মনে করেন মার্কার (দলীয় প্রতীক) ওপর চড়ে নির্বাচনের তরি পার হবেন, সেটা হওয়ার কোনো সুযোগ নাই।

বুধবার সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেয় তাহলে এলাকার উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যোগ্য, শিক্ষিত, সৎ, যার কাজে অভিজ্ঞতা আছে এই রকম প্রার্থীকে ভোটের মাধ্যমে বাছাই করবেন।

তিনি আরও বলেন, এবার জরিপে বলছে ৩০ শতাংশ মানুষ মানে ১০০ জনের মধ্যে ৩০ জন মার্কা দেখবে না। তারা প্রার্থী খুঁজবে। প্রার্থী ঠিক আছে কি না, প্রার্থী যোগ্য কি না, প্রার্থী শিক্ষিত কি না, প্রার্থী সাহসী কি না, প্রার্থী সৎ কি না, প্রার্থী এলাকার উন্নয়ন করবে কি না, প্রার্থীর অভিজ্ঞতা আছে কি না- এই সবকিছু বিবেচনা করে এই ৩০ শতাংশ মানুষ এ নির্বাচনে ভোট দেবে। সুতরাং কেউ যদি মনে করে, মার্কার ওপর চড়ে নির্বাচনের তরি পার হবে সেটা হওয়ার কোনো সুযোগ নাই। এবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন, সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন।

জনসভা মঞ্চে উঠেই রুমিন ফারহানা তার প্রতীক হাঁস মার্কাকে নিয়ে স্লোগান ধরেন। তিনি এলাকার বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, নির্বাচনে তিনি বিজয়ী হলে মেঘনার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবেন। পানিশ্বরের সকল রাস্তা-ঘাটের উন্নয়ন করবেন। খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করে দেবেন।

তিনি বলেন, পানিশ্বরের অনেক ভাই প্রবাসে থেকে কষ্ট করে টাকা পাঠান। তাদের টাকায় আমাদের দেশের অর্থনীতি সচল থাকে এবং এলাকায় সচ্ছলতা ফিরে আসে। কিন্তু সংসদে তাদের কষ্ট, হয়রানি ও সমস্যার কথা বলার কেউ নেই। আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, তাহলে সংসদে প্রবাসী ভাইদের সমস্যা তুলে ধরব। পাশাপাশি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যাগুলোর দ্রুত সমাধানের ব্যবস্থা করব।

রুমিন বলেন, আপনারা শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আমি আপনাদেরকে পাহারা দেব। তিনি ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারার দাবি জানান।