ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৪:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। শীতের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার কারণে বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথমদিকেই থাকছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ বৃহস্পতিবার সকালে ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সকাল সাড়ে ৮টায় এই তালিকার শীর্ষে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ২২২। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের স্কোর ১৯৫। ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। পঞ্চম স্থানে থাকা ভারতের আরেক শহর কলকাতার স্কোর ১৮৪।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।