ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১:৪৩:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

দেশের শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের  জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ববিতাসহ মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক ২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননার জন্য নির্বাচিতদের নাম বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

একুশে পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা, প্রফেসর মোহাম্মদ আবু সাত্তার, মেরিনা তাবাসসুম, প্রয়াত ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, ওয়ারফেজ ব্যান্ড, ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান, তেজস হালদার (ভাস্কর্য), নৃত্যশিল্পী অর্থি আহমেদ এবং শিক্ষাবিদ প্রফেসর মাহবুব আলম।

 এর আগে, গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। ওই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

গত ২৯ জুলাই তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিদের কাছে মনোনয়ন প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় ২০২৬ সালেও ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা প্রভৃতি), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি—জীবিত বা প্রয়াত—এমনকি প্রতিষ্ঠান ও সংস্থাকেও একুশে পদকে ভূষিত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।