মহাসপ্তমী পালন, আজ মহাষ্টমী ও কুমারী পূজা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:১৪ এএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৫:৫৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার
প্রতীকী ছবি
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ বুধবার মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার মহাসপ্তমী উদযাপন করা হয়।
রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ দেশের কয়েকটি স্থানে আজ মহাঅষ্টমীর দিনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে।আজ মহাষ্টমীতে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে মহাষ্টমীর বিহিত পূজা, দুপুরে মহাষ্টমীর মহাপ্রসাদ বিতরণ এবং কেন্দ্রীয় কারাগারে কারাবন্দীদের মধ্যে বেলা ১১টায় খাদ্য বিতরণ করা হবে।
আজ মহাঅষ্টমীর দিন সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দুর্গা দেবীর মহাষ্টম্যাদি বিহিত পূজা ও মহা অষ্টমীর ব্রতোবাস। মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৬ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন করা হবে। মহাঅষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশনসহ কয়েকটি স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
ঢাকার রামকৃষ্ণ মিশনের স্থিরাত্মানন্দ মহারাজ (নিরঞ্জন মহারাজ) জানান, মহাষ্টমীর দিন অর্থাৎ আজ সকাল ১১টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। দুর্গা মাতৃভাবের প্রতীক আর কুমারী নারীর প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এ পূজার মূল লক্ষ্য। দেবী দুর্গার সামনে বসিয়ে ঠিক যেভাবে তার (দুর্গার) আরাধনা করা হয়, একইভাবে কুমারীকে সে সম্মান প্রদান করা হয়। শুধু মাটির প্রতিমা নয়, নারীর মধ্যেও মাতৃভাব আনা হয়। বিশুদ্ধ স্বভাবের গুণাবলী দেখে একজন নারীকে কুমারী হিসাবে নির্বাচিত করা হয়। পূজার আগ পর্যন্ত কুমারীর পরিচয় গোপন রাখা হয়।
জাতীয় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সাংবাদিক স্বপন কুমার সাহা বলেন, শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন গতকাল সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গণে মহাসপ্তমীর বিহিত পূজা ও দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বেলা সাড়ে ১০টায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ দেশের কয়েকটি স্থানে আজ কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
