ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৯:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকাল সাড়ে ৪টা থেকে সারা দেশে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার গণনার স্থান নির্ধারণ করবেন। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, পোস্টাল ভোট গণনার জন্য প্রতিটি সংসদীয় আসনে একজন করে মোট ৩০০ জন প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। গণনার সময় প্রতিটি প্রার্থীর পক্ষে একজন করে পোলিং এজেন্ট উপস্থিত থাকতে পারবেন। তাদের সামনেই সব কার্যক্রম পরিচালিত হবে।

ইসি বলছে, পোস্টাল ভোটের গোপনীয়তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করা হবে। কোনো ব্যক্তি, কর্মকর্তা বা সংস্থার পক্ষেই ভোটারের পরিচয়ের সঙ্গে তার ভোট মিলিয়ে দেখার সুযোগ থাকবে না।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, গণনার পুরো প্রক্রিয়াই এমনভাবে সাজানো হয়েছে, যাতে কোনো অবস্থাতেই ভোটারের পরিচয়ের সঙ্গে ব্যালটের সংযোগ স্থাপন করা সম্ভব না হয়।

তিনি জানান, প্রথমে প্রতিটি খাম থেকে অঙ্গীকারনামা (ঘোষণাপত্র) ও ব্যালট আলাদা করা হবে। যেসব অঙ্গীকারনামায় ভোটারের স্বাক্ষর মিলবে, সেগুলো বৈধ হিসেবে গণনার জন্য সংরক্ষণ করা হবে। এরপর বৈধ ব্যালটগুলো খোলা হবে। খাম খুললে ভেতরে দুটি ভিন্ন রঙের ব্যালট পাওয়া যাবে—একটি জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যটি গণভোটের জন্য। রঙ অনুযায়ী সেগুলো পৃথক করা হবে।

এ পর্যায়ে এসে অঙ্গীকারনামা, খাম ও ব্যালট পুরোপুরি আলাদা হয়ে যাবে। ফলে পরে কোন ব্যালট কোন ভোটারের, তা শনাক্ত করার সুযোগ থাকবে না।

গণনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। পুরো প্রক্রিয়া পোলিং এজেন্টদের সামনে সম্পন্ন হবে।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদাভাবে গণনা করা হবে। সংসদ নির্বাচনের ব্যালট প্রতীকভিত্তিক ১০০টি করে বান্ডেল করা হবে। সাধারণ ভোটের ফলের সঙ্গে পোস্টাল ভোট যুক্ত করে চূড়ান্ত ফল প্রস্তুত করা হবে।

ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালট গণনায় সাধারণ ব্যালটের তুলনায় সময় বেশি লাগতে পারে। কারণ এখানে ঘোষণাপত্র যাচাইসহ একাধিক ধাপ রয়েছে।

ইসি আরও জানায়, পোস্টাল ব্যালট বক্সগুলো আগে থেকেই পোলিং এজেন্টদের উপস্থিতিতে সিলগালা করা হয়েছে। গণনার সময় সেগুলোও পোলিং এজেন্টদের সামনেই খোলা হবে। ব্যবহৃত লক ও লক নম্বর আগেই নোটিস বোর্ডে টানানো হয়েছে, যাতে যাচাই করা যায়।

পোস্টাল ভোট বিডি প্রকল্পের পরিচালক ও ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বলেন, ভোটের দিন বিকাল সাড়ে ৪টায় পোস্টাল ব্যালট ও গণভোটের ব্যালট গণনা শুরু হবে। এ জন্য আলাদা কোনো বুথ থাকবে না। রিটার্নিং অফিসার নির্ধারিত স্থানে প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে গণনা হবে।

তিনি বলেন, প্রিসাইডিং অফিসারের অধীন পোলিং অফিসার ও সহায়ক কর্মকর্তারা গণনার কাজ করবেন। গণনার সময় প্রতিটি প্রার্থীর জন্য একজন করে পোলিং এজেন্ট থাকতে পারবেন। তবে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবেন না। পোলিং এজেন্টদের মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ থাকবে।

ইসি সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশি ও দেশের চার শ্রেণির নাগরিক মিলিয়ে ১৫ লাখের বেশি ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন।