ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৫:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

তারেক রহমান

তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মতামত জানতে দৈনিক ইনকিলাবের উদ্যোগে একটি জরিপ পরিচালিত হয়েছে। ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৫২টি সংসদীয় আসন ও আটটি বিশ্ববিদ্যালয়ে এ জরিপ করা হয়। এতে অংশ নেন ৯ হাজার ৬৬৯ জন ভোটার।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭ হাজার ৩৯১ জন পুরুষ এবং ২ হাজার ২৭৮ জন নারী। বয়সভিত্তিক হিসাবে ১৮–৩০ বছর বয়সী ৩ হাজার ৫৭২ জন, ৩১–৪৫ বছর বয়সী ৩ হাজার ২ জন, ৪৬–৬০ বছর বয়সী ২ হাজার ১৩৮ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ৭১০ জন। পেশাভিত্তিক হিসেবে শিক্ষার্থী ২ হাজার ৭৪০ জন, চাকরিজীবী ১ হাজার ৯৯৭ জন, ব্যবসায়ী ২ হাজার ৪৪৭ জন, গৃহিণী ৯২৭ জন, কৃষক ৬১১ জন এবং শ্রমিক ৮২৭ জন। অংশগ্রহণকারীদের মধ্যে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন ২ হাজার ৩২১ জন।

জরিপে ‘নির্বাচনের পর কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান’—এই প্রশ্নের উত্তরে ৫ হাজার ৮৭০ জন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করেন, যা মোট অংশগ্রহণকারীর ৬০ দশমিক ৭০ শতাংশ। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩ হাজার ১৬৩ জন (৩২ দশমিক ৭২ শতাংশ)।
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে চান ১৫৮ জন (১ দশমিক ৬৩ শতাংশ), ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে চান ২০২ জন (২ দশমিক ০৮ শতাংশ) এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে চান ৭৮ জন (শূন্য দশমিক ৮০ শতাংশ)। উল্লিখিত কাউকেই প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন না—এমন মত দিয়েছেন ২২৫ জন (২ দশমিক ৩২ শতাংশ)।

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করার কারণ হিসেবে ১ হাজার ৯৮০ জন বলেন, তিনি দেশের সবচেয়ে বড় দল বিএনপির চেয়ারম্যান এবং দলটির জনপ্রিয়তা বেশি। ১ হাজার ৭৪৩ জন মনে করেন, তিনি একজন স্বচ্ছ ও জনপ্রিয় রাজনীতিবিদ। ৬৭৭ জনের মতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইমেজের কারণে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর আমিরকে পছন্দকারীদের মধ্যে ১ হাজার ৬৫৮ জন মনে করেন, তিনি সৎ ব্যক্তি এবং প্রধানমন্ত্রী হলে দুর্নীতি ও অনিয়ম কমবে। ৭৭৭ জন বলেন, তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

আটটি বিশ্ববিদ্যালয়ে পরিচালিত পৃথক জরিপে অংশ নেন ১ হাজার ২৩৪ জন। তাঁদের মধ্যে ৫৭৫ জন (৪৬ দশমিক ৫৯ শতাংশ) তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এবং ৫২৪ জন (৪২ দশমিক ৪৬ শতাংশ) ডা. শফিকুর রহমানকে পছন্দ করেন।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক হিসাবে পাঁচটিতে তারেক রহমান এবং তিনটিতে ডা. শফিকুর রহমান এগিয়ে রয়েছেন।

জরিপের ফলাফলে দেখা যায়, জাতীয় পর্যায় ও তরুণ ভোটারদের মধ্যেও তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের শীর্ষে রয়েছেন।