ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৩২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাকে আজ মঙ্গলবার যমুনায় ডেকেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। মূলত হাদির সন্তান ফিরনাসের দেখাশোনার বিষয়ে আগে দেওয়া সরকারি প্রতিশ্রুতির কাগজপত্র হস্তান্তরের উদ্দেশ্যেই এই সাক্ষাৎ ছিল।
বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন রাবেয়া ইসলাম শম্পা। তিনি লিখেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস স্যার আজ ১২টায় তার বাসভবনে ফিরনাসকে এবং আমাকে সাক্ষাতের জন্য ডেকেছিলেন।’
তিনি অভিযোগ করেন, যমুনায় যাওয়ার পথে তার সঙ্গে থাকা কয়েকজনকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এতে বোঝা যায় সরকারের ভেতরে এখনো একটি পক্ষ সক্রিয় রয়েছে, যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিল।
ড. ইউনূসের সঙ্গে আলোচনার বিষয়ে শম্পা বলেন, ‘প্রথমে বুঝতে পারিনি কেন ডাকা হয়েছে। পরে জানতে পারি, ফিরনাসের দেখাশোনার জন্য ড. মুহাম্মদ ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তরের জন্য আমাদের ডাকা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি তাকে স্পষ্ট করে জানিয়েছি—আমার স্বামীর হত্যার বিচার নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা না করলে আমার ছেলে কোনো সহায়তা গ্রহণ করবে না।’
শম্পার ভাষ্য অনুযায়ী, ড. ইউনূস তাকে আশ্বস্ত করেছেন যে, হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে তিনি তার হাতে থাকা সব উপায় প্রয়োগ করবেন। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
চাকরির বিষয়ে প্রস্তাব পেলে শম্পা জানান, তিনি নিজ যোগ্যতায় চাকরি নিতে চান। তিনি বলেন, ‘আমার জীবন ও চাকরির বিষয়ে জানতে চাইলে আমি জানিয়ে দিয়েছি, আমি নিজের যোগ্যতা দিয়ে চাকরি নেব। ফিরনাসের জন্য যে সহযোগিতা করা হচ্ছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’
তিনি আরও জানান, ড. ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাস পাওয়ার পরই তিনি যমুনা থেকে ফিরে এসেছেন বলে জানান।
