ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
ফাইল ছবি।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার কথাও জানিয়েছে সংস্থাটি।
আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে।
