রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিরা কত বেতন পান?
জোসেফ সরকার
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
ফাইল ছবি।
নতুন সরকার গঠনের প্রাক্কালে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা তুঙ্গে, তেমনি সাধারণ মানুষের কৌতূহলও বাড়ছে—রাষ্ট্র পরিচালনার শীর্ষ পদে থাকা ব্যক্তিরা আসলে কত বেতন ও সুযোগ-সুবিধা পান? কে পান সবচেয়ে বেশি বেতন? প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা সংসদ সদস্যদের মাসিক আয়ই বা কত? এসব প্রশ্নই এখন ঘুরছে মানুষের মুখে মুখে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের কথা রয়েছে। এরই মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্বশীল ব্যক্তিরা কী পরিমাণ বেতন ও সুযোগ-সুবিধা পান—তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশে সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি। তাঁর মূল বেতন মাসিক ১ লাখ ২০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এই দুই পদাধিকারীর প্রায় সব ধরনের ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হয়।
প্রধানমন্ত্রী বেতনের পাশাপাশি বাড়িভাড়া হিসেবে পান ১ লাখ টাকা। এছাড়া দৈনিক ভাতা হিসেবে ৩ হাজার টাকা, বিমান ভ্রমণের ক্ষেত্রে ২৫ লাখ টাকা পর্যন্ত বিমা কভারেজ এবং স্বেচ্ছাধীন তহবিল হিসেবে পান দেড় কোটি টাকা। তবে তিনি যদি সরকারি বাসভবনে অবস্থান করেন, সে ক্ষেত্রে বাড়িভাড়ার অর্থ প্রাপ্য হন না।
জাতীয় সংসদের স্পিকার মাসিক বেতন পান ১ লাখ ১২ হাজার টাকা। বেতনের দিক থেকে এরপরেই অবস্থান প্রধান বিচারপতির—তিনি মাসে পান ১ লাখ ১০ হাজার টাকা। মন্ত্রীরা মাসিক বেতন পান ১ লাখ ৫ হাজার টাকা এবং প্রতিমন্ত্রীদের বেতন ৯২ হাজার টাকা। একই পরিমাণ বেতন পান ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতা।
উপমন্ত্রীদের মাসিক বেতন নির্ধারিত রয়েছে ৮৬ হাজার ৫০০ টাকা। আর সাধারণ সংসদ সদস্যরা মাসিক বেতন পান ৫৫ হাজার টাকা করে।
দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি খরচে একটি করে গাড়ি দেওয়া হয়। এসব গাড়ি পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। সরকারি প্রয়োজনে ভ্রমণের সময় তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থা বা দপ্তর থেকে অতিরিক্ত যানবাহন সুবিধাও পান।
জ্বালানি খরচ বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পেয়ে থাকেন। দেশের ভেতরে ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দৈনিক ভাতা পান ২ হাজার টাকা এবং উপমন্ত্রী পান দেড় হাজার টাকা।
নতুন সরকার শপথ নেওয়ার আগেই রাষ্ট্রের শীর্ষ পদগুলোতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা নতুন করে সামনে এসেছে। দায়িত্বের ভার যেমন বড়, তেমনি এসব পদে থাকা ব্যক্তিদের জন্য রাষ্ট্র নির্ধারিত আর্থিক সুবিধাও নির্দিষ্ট কাঠামোর মধ্যেই পরিচালিত হয়।
