ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২:৫৩:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মহাষ্টমী পালিত, আজ মহানবমী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার মহানবমী। সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারা দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। রাজধানীসহ দেশের পূজা মন্ডপগুলোতে প্রতিদিন সকাল থেকে রাত অবধি ভিড় করছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষরা।


পুরাণ মতে, এ দিনে লংকা অধিপতি রাবণ বধের পর নবমী তিথিতে ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই আজকের এ মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হবেন দুর্গা।

 

অাজ মহানবমী পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। আর মাত্র একদিন পরেই মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবীদুর্গা। দেবীদুর্গা পেছনে ফেলে যাবেন ভক্তদের চার দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার দিনের অশ্রু।

 

রাজধানীর রামকৃষ্ণ মঠে মহানবমী পূজা শুরু হয়েছে ভোর সাড়ে ৬টায়। এ ছাড়া আজ মন্ডপে মন্ডপে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে আরতি প্রতিযোগিতা। এ সময় ভক্তরা মেতে উঠবেন নানা ঢঙে আরতি নিবেদনে। থাকবে ঢাক ঢোল বাদ্যও।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত জানান, আজ সকালে ঢাকেশ্বরী মন্দিরে হবে মহানবমী কল্পরম্ভ ও মহানবমী বিহিত পূজা। পূজা শেষে বেলা ১১টা থেকে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেবেন। দুপুরে বিতরণ করা হবে প্রসাদ। ১০৮টি নীলপদ্ম, অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে সব পূজাম-পে নবমী বিহিত পূজা সম্পন্ন হবে।

 

মহানবমী সম্পর্কে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত রঞ্জিত চক্রবর্তী জানান, নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহূতি দেয়া হয়। এর মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়। এ দিন ভক্তরা মায়ের কাছে দেশ, জাতি ও বিশ্বের সব জীবের মঙ্গল কামনায় আশীর্বাদ চাইবেন।

 


কাল শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। গতকাল বুধবার রাজধানীসহ দেশব্যাপী মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়।