ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ৫:২২:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তারেক সংসদীয় দলের নেতা নির্বাচিত: প্রধানমন্ত্রী হিসেবে শপথ বিকেলে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। এর ফলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথে চূড়ান্ত ধাপে পৌঁছেছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার প্রস্তাব উত্থাপিত হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করান। বিএনপির ২০৯ জনসহ জোটের মোট ২১২ জন সংসদ সদস্য শপথ নেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ এড়িয়ে যান বিএনপির অধিকাংশ সদস্য।

বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন।শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টনের প্রজ্ঞাপন জারি হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই নির্বাচন ও নেতৃত্ব গ্রহণ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। ২০০১ সালের পর বিএনপির প্রথম সরকার গঠন এবং তারেক রহমানের প্রথম প্রধানমন্ত্রিত্ব—এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।