ঢাকা, মঙ্গলবার ২৪, ফেব্রুয়ারি ২০২৬ ৬:২৩:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেপালে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

সংগ্রহিত ছবি।

সংগ্রহিত ছবি।

নেপালে পাহাড়ি মহাসড়ক থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে বাগমতি প্রদেশের ধাদিং জেলার পৃথ্বী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

কাঠমান্ডু পোস্ট-এর খবরে বলা হয়, বাসটি পোখরা থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করেছিল। পথিমধ্যে ধাদিংয়ের বেনিঘাট রোরাং গ্রামীণ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌরাউন্ডির কাছে চিনাধারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। পরে সেটি খাদের তলদেশে ত্রিশুলী নদীতে গিয়ে পড়ে।

পুলিশের বরাত দিয়ে হিমালয়ান টাইমস জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪৪ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। এছাড়া দুই বিদেশিও প্রাণ হারিয়েছেন—যাদের একজন পুরুষ ও একজন নারী।

এ ঘটনায় আহত অন্তত ২৬ জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকলেও অধিকাংশকে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ধাদিং জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ের প্রধান শিশির থাপা জানান, শুরুতে নিহতের সংখ্যা ১৭ জন বলা হলেও পরে তা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। তবে গভীর রাতে দুর্ঘটনা ঘটায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।