ঢাকা, রবিবার ০১, মার্চ ২০২৬ ৩:৫১:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ক্লাসরুমে বইখাতার মাঝেই নেমে আসে মৃত্যু। দক্ষিণ ইরানের একটি বালিকা বিদ্যালয়ে চালানো ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও বহু ছাত্রী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার পর উদ্ধার অভিযান চলাকালে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়ায়। নিহতদের অধিকাংশই স্কুলছাত্রী বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, প্রাথমিকভাবে এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে উত্তেজনা বাড়ছিল। ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরুর ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম।

হামলায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে।

ইরান সরকার এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনে এ হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানানো হয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এ ধরনের সহিংস হামলাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।