ঢাকা, রবিবার ০১, মার্চ ২০২৬ ১৪:৩৭:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ১ মার্চ ২০২৬ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আজ ১ মার্চ। ইতিহাসের পাতায় বাঙালির মুক্তির আন্দোলনের সবচেয়ে উত্তাল ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা—অগ্নিঝরা মার্চ। ১৯৭১ সালের এই মাসেই বাঙালি জাতি স্বাধীনতার চূড়ান্ত প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ে। রাজনৈতিক আন্দোলন রূপ নেয় সরাসরি মুক্তিসংগ্রামে।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পরও বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ে সারাদেশ। এরই ধারাবাহিকতায় মার্চ মাসজুড়ে শুরু হয় অসহযোগ আন্দোলন, হরতাল, মিছিল-মিটিং ও প্রতিবাদের ঝড়।

এই অগ্নিঝরা মার্চেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে জাতির উদ্দেশে দিকনির্দেশনা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”—এই ঘোষণায় স্পষ্ট হয়ে ওঠে স্বাধীনতার পথরেখা। সারা দেশ কার্যত বঙ্গবন্ধুর নির্দেশে পরিচালিত হতে থাকে।

মার্চের দিনগুলোতে গ্রাম থেকে শহর—সবখানে মানুষ সংগঠিত হয়। ছাত্র, শ্রমিক, কৃষক, নারী—সব শ্রেণি-পেশার মানুষ প্রস্তুত হতে থাকে চূড়ান্ত লড়াইয়ের জন্য। পাকিস্তানি সেনাবাহিনীর দমন-পীড়ন বাড়তে থাকে, উত্তেজনাও চরমে পৌঁছে।

অবশেষে ২৫ মার্চের কালরাতে বর্বর গণহত্যার মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধের সশস্ত্র অধ্যায়। তবে তার বীজ রোপিত হয়েছিল এই মার্চ মাসেই—অগ্নিঝরা মার্চে।

আজ অগ্নিঝরা মার্চের সূচনায় জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেই সাহসী দিনগুলোর কথা, যেসব দিনের পথ ধরেই এসেছিল স্বাধীনতা। ইতিহাসের এই মাস আমাদের মনে করিয়ে দেয়—অধিকার আদায়ের জন্য ঐক্য, ত্যাগ ও সংগ্রামের বিকল্প নেই।