ঢাকা, মঙ্গলবার ০৩, মার্চ ২০২৬ ৬:৩২:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশের ‘মিশন অস্ট্রেলিয়া’ শুরু আজ সন্ধ্যায়

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ এএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

অনুশীলনে বাংলাদেশ নারী দলের ফুটবলাররা।

অনুশীলনে বাংলাদেশ নারী দলের ফুটবলাররা।

নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৩ মার্চ) প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। যারা এই টুর্নামেন্টে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়নও চীন। সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় অসম লড়াইয়ে নামবে বাংলাদেশ।

ইতিহাস আগেই গড়েছে মেয়েরা। সাফের অবিসংবাদিত শ্রেষ্ঠ মেয়েদের নজর ছিল এশিয়ান কাপের মূলপর্বে। বড় মঞ্চে জায়গাও করে নিয়েছে তারা। দাপটের সঙ্গেই পার করেছে বাছাইপর্ব। এবার অপেক্ষা সেই আরাধ্য মঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ানোর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল যার নাম দিয়েছেন ‘মিশন অস্ট্রেলিয়া।’

ফিফা র‌্যাঙ্কিংয়েও পার্থক্যটা আকাশ-পাতাল। চীন যেখানে ১৭তম, বাংলাদেশের অবস্থান ১১২। যদিও, গত এক বছরে বেশ ধারাবাহিক লাল-সবুজের প্রতিনিধিরা। সবার মাঝে আছে ভালোকিছুর প্রত্যয়। প্রতিপক্ষকে তাই ভয় পাচ্ছে না খেলোয়াড়ররা।

চীনের বিপক্ষে ম্যাচটিকে চাপ হিসেবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফঈদা বলেন, ‘আমরা কোনো চাপ নিচ্ছি না। আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, দেশের মানুষের জন্য খেলছি। আমরা এখানে এসেছি খেলাটা উপভোগ করতে। মাঠে নামলে আমরা তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দেখব না, বরং আমাদের নিজেদের খেলাটা খেলব এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

বাংলাদেশকে খাটো করে দেখছে না চীনও। প্রতিপক্ষের জন্য সমীহ ঝরেছে চীন কোচ আন্তে মিলিচিকের মুখে। মিলিচিক বলেন,  ‘আধুনিক ফুটবলে যেকোনো দল যেকোনো দিনে কঠিন সময় উপহার দিতে পারে। বাংলাদেশ এখানে কোনো চাপ ছাড়াই খেলবে। তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। আমরা তাদের মোটেও খাটো করে দেখছি না। গত কয়েক বছরে বাংলাদেশের নারী ফুটবলে বিনিয়োগ এবং তাদের খেলার মান অনেক বেড়েছে।’

মাঠের খেলায় ফল যা-ই হোক, ভক্তদের প্রত্যাশা লড়াইয়ের। মেয়েরা চোখে চোখ রেখে পরাশক্তিদের বিপক্ষে লড়লে, তবেই না এগোবে ফুটবল।