ঢাকা, বুধবার ০৪, মার্চ ২০২৬ ১৫:২১:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আমরা এখানে বলির পাঁঠা হতে আসিনি: বাটলার

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ৪ মার্চ ২০২৬ বুধবার

বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার। ছবি : বাফুফে

বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার। ছবি : বাফুফে

নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য বলা হচ্ছিল- ‘বাংলাদেশ ঠিক কতগুলো কম গোল হজম করবে।’ কারণ একটাই, বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে চীন। তবে মাঠের খেলায় ঘটেছে তার উল্টোটা। চীনের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা।

মঙ্গলবার (৩ মার্চ) অস্ট্রেলিয়ার সিডনিতে নারী এশিয়ান কাপে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। হারলেও নিজের শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার।

ম্যাচ শেষে বাটলার বলেন, ‘আমার মনে হয় আজ রাতে মেয়েরা দুর্দান্ত ছিল। মেয়েদের প্রচেষ্টা নিয়ে সত্যিই আমি গর্বিত এবং তারা সত্যিই দেশের নাম উজ্জ্বল করেছে, জার্সির সম্মান রেখেছে এবং এটি প্রমাণ করে যে আমরা কতটা উন্নতি করেছি।’

সাধারণত বড় দলগুলোর বিপক্ষে ছোট দলগুলো রক্ষণাত্মক ফুটবল খেলে থাকে। আক্রমণের চেয়ে বরং ডিফেন্সেই মনযোগ বেশি থাকে। যেটাকে ফুটবলের ভাষায় বলা হয় ‘লো ব্লক ডিফেন্সিভ’। তবে বাটলারের ডিকশনারিতে সেসব কোনো শব্দ নেই। প্রতিপক্ষ যেই হোক সাহসী ফুটবল খেলে হারলেও সেটাকেই সম্মানের মনে করেন তিনি।

চীনের বিপক্ষেও তেমনই দেখা গেছে। সাহসী ফুটবলে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ দল। এ নিয়ে বাটলার বলেন, ‘আমরা এখানে রক্ষণাত্মক হয়ে বসে থাকতে কিংবা বলির পাঁঠা হতে আসিনি। আমি সেভাবে কোচিং করাই না এবং আমার দলও সেভাবে খেলুক, তা আমি চাই না।’