ঢাকা, শনিবার ০৭, মার্চ ২০২৬ ১৫:২১:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এ সপ্তাহের ছড়া- ‘নিসর্গ-মঙ্গল’: ফারুক নওয়াজ

ফারুক নওয়াজ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ৭ মার্চ ২০২৬ শনিবার

শিশুসাহিত্যিক ও ছড়াকার ফারুক নওয়াজ

শিশুসাহিত্যিক ও ছড়াকার ফারুক নওয়াজ

প্রকৃতি যদি না টানে...
যদি না তোমার হৃদয় মোহিত
না হয় পুষ্পঘ্রাণে...
কবিতার নদী আবেগের ঢেউ 
কিকরে জাগাবে প্রাণে।
কবিতা হবে না, তখন নিছক
অকথা রচিত হবে;
কবিরা থাকেন নদী অরণ্য 
পাহাড়ের সংস্রবে।
শিল্পীর তুলি আঁকবে কিকরে
না গেলে নিসর্গতে...
সত্যিকারের তুলিকার জানে 
হঠাৎ নিখোঁজ হতে...
গিরি সমুদ্র নিঝরের মায়া
নিঝুম নির্জনতা...
শিল্পীর তুলি খুঁজে পায় সেরা
সৃষ্টিনির্ভরতা।
পাখির ডানায় ছন্দের গতি  
ব্যাঞ্জনা ঝিরি-ঝিলে...
নিঝরের  মিহি অনুপ্রাসধারা
মুগ্ধতা আনে মিলে।...
কবির অপার ভাবনার ধরা 
দুলে ওঠে নিরজনে...
কবির মতন শিল্পীও থাকে
নিসর্গ-বন্ধনে।
নির্জনতার ঝুমবিভোরতা 
সৃষ্টির ধ্যানপ্রথা...
অনাসৃষ্টির মাকাল ফলায়
নিসর্গ-অজ্ঞতা।