ইরানের স্কুল লক্ষ্য করে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০৫ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে ‘ডা. হাফেজ খোমেইনি স্কুল’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে স্কুল ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কিছু আবাসিক ঘরবাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা এই খবর জানিয়েছে।
তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয়েছিল।
মিনাব শহরের ‘শাজারেহ তাইয়্যেবাহ’ প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় ইতোমধ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। প্রাথমিক মার্কিন মূল্যায়নে জানানো হয়েছিল, সামরিক স্থাপনার ভুল গোয়েন্দা তথ্যের কারণে অনিচ্ছাকৃতভাবে স্কুলটিতে আঘাত হানা হয়েছিল।
এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধের সমাপ্তি কখন হবে তা ইরানই নির্ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সংক্ষিপ্ত সফর’ বা যুদ্ধ দ্রুত শেষ হওয়ার দাবিকে উপহাস করে আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, আঞ্চলিক সমীকরণ এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। আমরাই ঠিক করব যুদ্ধ কখন শেষ হবে।
বর্তমানে তেহরানসহ ইরানের প্রধান শহরগুলো লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে জ্বালানি অবকাঠামো ও সেবাকেন্দ্রগুলোতে হামলার ফলে ইরানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অন্যদিকে, ইরানও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং কৌশলগত স্থাপনায় পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
